বাসস
  ১৫ জুন ২০২৬, ১৯:২৯

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

সাতক্ষীরা, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণু পোনা ও ওষুধ জব্দ করা হয়েছে। 

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাঁকডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেঁকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

জব্দকৃত এসব ভারতীয় মালামালের মূল্য আনুমানিক ৫৫ লাখ ৩০ হাজার ছয়শ’ টাকা।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বটতলা নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতে পাচারকালে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ বাংলাদেশেী ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এছাড়া বাঁকাল চেকপোষ্ট -এর বিশেষ আভিযানিক দল সদর উপজেলার বাঁকাল চেকপোষ্ট নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৫৫ লাখ ৩০ হাজার ছয়শ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।