বাসস
  ১৫ জুন ২০২৬, ১৮:৪৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

কক্সবাজার, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলার পেকুয়া উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে হাসান আলী (৬৫) ও আফজাল সরকার (৪৫) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে আনোয়ারা- বাঁশখালী- চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের টৈটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসান আলী জেলার মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার আব্দুর রশিদের ছেলে। অন্যদিকে, আফজাল সরকার সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার তোতা বেপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা আনোয়ারা-বাঁশখালী- চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের টৈটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে হাসান আলী ও আফজাল সরকার নামের দুইব্যক্তিকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে হাসান আলী ও আফজাল সরকার দু’জনই মারা যান।

এ দুর্ঘটনায় আহত চারজন হলেন কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার হরিনাফাঁড়ি এলাকার মোহাম্মদ সিরাজ (৪২), মোহাম্মদ শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর স্ত্রী পাখি বেগম (৫৫) ও ছেলে মোহাম্মদ রামিম (১০)।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দুই ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।