বাসস
  ১৫ জুন ২০২৬, ১৭:৫৮

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও মাদক জব্দ করেছে কোস্ট গার্ড 

সাতক্ষীরা, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হোগলডোরা খাল সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে আনা ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ৩৩ লাখ ১৯ হাজার টাকা।  

সোমবার দুপুরে কোস্ট গার্ড -এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়. সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় রোববার দিবাগত সোমবার রাত ১টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং একহাজার ৩১৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ৩৩ লাখ ১৯ হাজার টাকা।  

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।