শিরোনাম

রাজশাহী, ১৪ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীকে।
আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা হারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলীসহ রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।