বাসস
  ১৪ জুন ২০২৬, ২০:১১

বরিশালে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া বিষয়ে শোকেসিং প্রোগ্রাম 

ছবি : বাসস

বরিশাল, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ  ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া বিষয়ে শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) মো. নাজমুল হাসান, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার সাহা ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদে বিজ্ঞানী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক ধারণা এবং স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন।