শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৪ জুন, ২০২৬, (বাসস): জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করেছে।
এ ঘটনায় মোটরসাইকেলসহ চোরাকারবারি সিকান্দার আলীকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার বিকেল সাড়ে ৫টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অবস্থান নেয়।
এ সময় গ্রামের কাশেম মন্ডলের ছেলে সিকান্দার আলী (৪০) মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবির টহল দল সিকান্দারকে আটক করে।
তার কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন সাইজের ৮ পিস স্বর্ণের বার। আটক স্বর্ণের বারের ওজন ৭৯৩.৬৯ গ্রাম। দাম আনুমানিক ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।
এছাড়া জব্দ করা হয়েছে ওই চোরাকারবারির ব্যবহ্রত মোটরসাইকেল ও মোবাইল ফোন। এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।