শিরোনাম

সাতক্ষীরা, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও চিংড়ি মাছের রেণুপোনা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ১৩ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, হিজলদী, কাঁকডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌধুরিপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ৫০০ পিস নেশাজাতীয় ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনমানিক ১৯ লাখ ১৩ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।