বাসস
  ১৪ জুন ২০২৬, ১৯:৩৩

সাতক্ষীরায় খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড 

সাতক্ষীরা, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইব্যক্তিকে কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন এ দণ্ড প্রদান করেন। 

বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকালে সুন্দরবনের দুর্গাবটি মন্দির সংলগ্ন ঝাপারচর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুভর্তি একটি কার্গো (বাল্কহেড) সহ নজরুল ইসলাম (৫৫) ও  মো. আক্তারুজ্জামান (৩০) নামের দুইব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বালুভর্তি কার্গোসহ আটককৃত দুই ব্যক্তিকে ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর পল্টন ঘাট এলাকায় নেয়া হয়। 

রোববার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। ভ্রাম্যমাণ আদালত আটককৃত দুইব্যক্তিকে ১৪দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কার্গোর মালিক খুলনা জেলার পাইকগাছা এলাকার জামিরুল ইসলামকে একলাখ টাকা জরিমানা করেন।

এ সময় ৫ হাজার ৩০০ ফিট বালুভর্তি কার্গোটি জব্দ এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭ টি পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।

কারাদন্ড প্রাপ্ত কার্গো চালক মো. নজরুল ইসলাম আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং কার্গো চালকের সহকারী মো. আক্তারুজ্জামান খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের মো জিল্লুর গাজীর ছেলে।

এ সময় বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজিব জানান, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।