শিরোনাম

নেত্রকোণা, ১৪ জুন, ২০২৬ (বাসস): জেলায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮-২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার।
জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেপি অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন এবং জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
সরকারি নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি সফল করতে সভায় ৪টি উপ-কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী কর্মসূচির ১ম দিনে আলোচনা সভা, জেলা-উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সংগীত (চল চল চল), সমবেত নৃত্য (একি অপরূপ রূপে), সমবেত সংগীত (দুর্গম গিরি), আবৃত্তি (বিদ্রোহী, মানুষ, খুকী ও কাঠবিড়ালী) এবং একক সংগীত ও নৃত্য অনুষ্ঠিত হবে।
২য় দিনে জেলা/উপজেলা শিক্ষা অফিস কর্তৃক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য নজরুলের ওপর রচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং জেলা/উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হবে।
৩য় দিনে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লালন, দেশাত্মবোধক, ভাটিয়ালি, মুর্শিদি, ভাওয়াইয়া, গম্ভীরা ও আধুনিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।