বাসস
  ১৪ জুন ২০২৬, ১৭:৫৩

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ১ 

ময়মনসিংহ, ১৪ জুন ২০২৬ (বাসস): জেলার ভালুকা উপজেলায় আজ বজ্রপাতে ফয়সাল আহমেদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে ভালুকা পৌর এলাকায় বাসস্ট্যান্ডের পাশে ভালুকা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহমেদ ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে। তারা জেলার মুক্তাগাছা উপজেলার স্থায়ী বাসিন্দা। তার পরিবার দীর্ঘদিন যাবৎ ভালুকায় ভাড়া বাসায় বসবাস করে। ফয়সাল পরিবারের ভাঙারির ব্যবসার কাজে সহায়তা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে কাজ শেষ করে মেঘার মাঠ এলাকা দিয়ে বাড়ির পথে রওনা হয় ফয়সাল আহমেদ। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।