শিরোনাম

শেরপুর, ১৪ জুন, ২০২৬ (বাসস) : জেলায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা কালেক্টরেট চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুরের পাঁচ উপজেলা থেকে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। প্রতিটা স্টলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান তাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিন্তা ধারা প্রদর্শন করে।
অনুষ্ঠানের শুরুতে সকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং রং-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগ সম্পর্কে অবগত হন।
প্রধান অতিথি বলেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। এসময় তিনি শিক্ষার্থীদের কৌতূহলী, অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এছাড়া তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা বিকাশে সহায়ক এ ধরনের উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসন সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ও সাংবাদিকবৃন্দসহ সুধীজন।