শিরোনাম

নেত্রকোণা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার পৃথক স্থানে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুটি ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের কৃষক জামাল মুন্সি (৫৫) ও কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া (৫৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে জেলাজুড়ে বৃষ্টিপাত শুরু হয়। সকালের দিকে বৃষ্টি চলাকালে হঠাৎ পৃথক স্থানে বজ্রপাতে জামাল মুন্সি ও সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বাসসকে বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তিদের দাফন-কাফন ও পারিবারিক সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।