শিরোনাম

রাজবাড়ী, ১৪ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জেলা পর্যায়ে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সৃজনশীল উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয় এ প্রোগ্রামে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হতে হবে।
তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো সৃজনশীল মানবসম্পদ। তরুণদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।
বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার এবং রাজবাড়ী জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনের প্রতি আরও উৎসাহিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা শিক্ষা অফিসের কারিগরি শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
দিনব্যাপী এ শোকেসিং প্রোগ্রামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক মডেল এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানভিত্তিক নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
রাজবাড়ী সরকারি কলেজ, টেকনিকাল স্কুল এন্ড কলেজ, গোয়ালন্দ, কালুখালীর হোগলাডাঙ্গি কামিল মাদ্রাসা, বালিয়াকান্দি সরকারি কলেজ, পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি এ প্রজেক্ট শোয়িং অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।