বাসস
  ১৪ জুন ২০২৬, ১৫:৩৪
আপডেট : ১৪ জুন ২০২৬, ১৬:০০

নরসিংদীতে প্রশাসনের হস্তক্ষেপে আশ্রয় মিলল নাম-পরিচয়হীন বৃদ্ধার 

ছবি : বাসস

নরসিংদী, ১৪ জুন ২০২৬ (বাসস) : পৌরসভার সাটিরপাড়া এলাকায় কয়েক মাস ধরে অযত্ন ও অবহেলায় রাস্তায় মানবেতর জীবনযাপন করা এক নাম-পরিচয়হীন বৃদ্ধা নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে নরসিংদী সদর উপজেলা প্রশাসন।

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের সূত্র ধরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের মানবিক উদ্যোগে গতকাল এই বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা কার্যালয় ও নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উদ্ধারকৃত বৃদ্ধার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃদ্ধা নারীটি শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ। তিনি নিজের নাম, পরিচয়, ঠিকানা কিংবা কীভাবে এখানে এসেছেন এসব বিষয়ে কোনো তথ্য দিতে পারছেন না।

তার পরিচয় শনাক্তে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাধ্যমে তার আঙুলের ছাপ সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে তাকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হবে। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে চিকিৎসকদের মতামতের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশ সাপেক্ষে ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ‘সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা আশা করছি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অসহায় বৃদ্ধার সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।’

তিনি এই বৃদ্ধার পরিচয় খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।