শিরোনাম

সাতক্ষীরা, ১৩ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও চিংড়ি মাছের রেণু পোনা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৩১ হাজার দুইশ’ টাকা।
আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, হিজলদী, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার মুক্তি বাড়ি মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৩১ হাজার দুইশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।