বাসস
  ১৩ জুন ২০২৬, ২০:২৫

প্রাথমিক শিক্ষাই শিশুর ভবিষ্যৎ গড়ার মূলভিত্তি : ড. রফিকুল ইসলাম

ছবি : বাসস

নেত্রকোণা, ১৩ জুন, ২০২৬, (বাসস): নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধ হবে। 

তিনি কোমলমতি শিক্ষার্থীদের দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আজ শনিবার বেলা ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের গঠনমূলক দক্ষতা অর্জনে কেন্দুয়া উপজেলার সকল প্রধান শিক্ষকের অংশগ্রহণে করণীয় শীর্ষক এই সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, প্রাথমিক শিক্ষাই শিশুর ভবিষ্যৎ গড়ার মূলভিত্তি। এই শিক্ষাকে আরও ফলপ্রসূ করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার অনুরোধ জানান তিনি। 

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ।

সভায় কেন্দুয়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পঠন ও গঠনমূলক দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশের গুণগত মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।