শিরোনাম

নীলফামারী, ১৩ জুন ২০২৬ (বাসস): জেলার ডিমলা উপজেলায় আজ সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. দুলাল হোসেন (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামে এঘটনা ঘটে।
মো. দুলাল হোসেন জেলার ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের মৃত কপর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দিতে যান কৃষক দুলাল হোসেন। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় দুলাল হোসেনকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।