বাসস
  ১৩ জুন ২০২৬, ১৯:৪৬

নেত্রকোণার পূর্বধলায় নাশকতার মামলায় গ্রেফতার ৬

নেত্রকোণা, ১৩ জুন ২০২৬ (বাসস): জেলার পূর্বধলা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় অভিযান চালিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১২ জুন) পূর্বধলা থানাধীন ফাজিলপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। উক্ত মিছিল থেকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও যানবাহন ভাঙচুরসহ অন্তর্ঘাতমূলক কর্মকা- চালানো হয়।

এ ঘটনায় উপজেলার সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে পূর্বধলা থানায় এজাহার নামীয় ৩৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। উল্লিখিত মামলার প্রেক্ষিতে আজ পূর্বধলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় ২৪ নম্বর মামলাটি রুজু করা হয়।

মামলা রুজুর পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পূর্বধলার রাজপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের পুত্র রফিকুল ইসলাম খোকন (৪৯), লেটিরকান্দা গ্রামের মো. মাসুদ রানা (২২), কাপাসিয়া গ্রামের মো. শাহজাহান (৪৪), জামাইকোনা গ্রামের আতাউর রহমান (৪৫), পূর্বধলা গার্লস স্কুল রোডের মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং শালদিঘা গ্রামের মো. হযরত আলী (৪৬)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ‘নাশকতামূলক কর্মকা- ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
তিনি বলেন, বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।