শিরোনাম

যশোর, ১৩ জুন ২০২৬ (বাসস): জেলার মণিরামপুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মাহিম হোসেন (১৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মণিরামপুর-রাজারহাট সড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম হোসেন জেলার মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাহিম হোসেন মোটর সাইকেল চালিয়ে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আটমাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলসহ মাহিম কয়েক ফুট উপরে শূন্যে উঠে আবার পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিঁটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।