বাসস
  ১৩ জুন ২০২৬, ১৯:০১

রাঙ্গামাটিতে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৩ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার দুপুরে রাঙ্গামাটি শহরের রানীদয়াময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস,এম, সাজ্জাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে জেলায় এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি  জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ী এলাকায় বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের আহবান জানান।

এদিন, জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকেও বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়।