বাসস
  ১৩ জুন ২০২৬, ১৮:২২

শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

শেরপুর, ১৩ জুন, ২০২৬, (বাসস) : প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। উদ্বোধনী দিনে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে এবং শহরের খোয়ারপাড় মোড় থেকে শেরি ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. হযরত আলী, এ্যাড. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক সম্পাদকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও শোভা বর্ধনকারী প্রায় এক হাজার গাছের চারা রোপণ করা হয়।