বাসস
  ১৩ জুন ২০২৬, ১৮:১৮

চলতি মৌসুমে বগুড়ায় ১৪০০০ গাছের চারা রোপণ করা হবে 

ছবি : বাসস

বগুড়া, ১৩ জুন ২০২৬ (বাসস): পরিবেশের ভারসাম্য রক্ষা ও চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টিতে সামাজিক বন বিভাগের মাধ্যমে চলতি মৌসুমে বগুড়ায় সরাসরি ১৪ হাজার গাছের চারা রোপণ করা হবে। 

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানানো হয়। কর্মসূচির উদ্বোধনী দিনে আজ ১০০ টি গাছের চারা রোপণ করা হয়। 

আজ বিকেলে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের খান্দার বিল পাড়ে (ঐতিহাসিক খান্দার দিঘি) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে দেশব্যাপী এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ‘দেশের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক নির্বাচনি ইশতেহার দিয়েছেন, তা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানাচ্ছি।’
খান্দার দিঘির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, এই দিঘি ও বনায়নের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। আজ ঐতিহাসিক এই খান্দার দিঘিকে সংস্কারের মধ্য দিয়ে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব একটি পার্ক হিসেবে গড়ে তোলা হবে। যাতে স্থানীয় মানুষ চিত্তবিনোদনের সুযোগ পায়। জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তুলবে।

সামাজিক বন বিভাগ, বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান জানান, প্রধানমন্ত্রী আজ দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়ায় প্রথম দিনে বনজ, ফলজ, ওষুধি ও অর্নামেন্টালসহ (অলংকার সজ্জা) ১৪ প্রজাতির মোট ১০০টি চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে মূল পার্ক এলাকায় ৮০টি এবং স্ট্রিপ বাগানে ২০টি চারা লাগানো হয়েছে। পার্কের নান্দনিকতা বাড়াতে ১২ ধরনের অলংকারসজ্জা বা অর্নামেন্টাল প্রজাতির গাছের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, চলতি মৌসুমে বগুড়ায় সামাজিক বন বিভাগের মাধ্যমে সরাসরি ১৪ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরের মাধ্যমে জেলাজুড়ে আরও কত চারা রোপণ করা হবে, সেই তথ্য নিরূপণের কাজ চলছে। আগামী দুই-একদিনের মধ্যেই তা চূড়ান্ত হবে।

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান এবং বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি করে গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।