শিরোনাম

সাতক্ষীরা, ১৩ জুন, ২০২৬, (বাসস): সাতক্ষীরায় ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সরকারের এ্যাসেট প্রকল্প এবং সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সিনিয়র শিক্ষকরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
তিনি বলেন, স্মার্ট ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে। আর এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের এই শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর প্রমুখ।
অনুষ্ঠানে এ্যাসেট প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. জাহিদুল ইসলাম।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. এমদাদুল ইসলাম, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, আব্দুল জব্বার, মোমিনুল ইসলাম শামীম, মোহাম্মদ আব্দুল্লাহ, নাসরিন খান লিপি, মমিনুর রহমান মুকুল, হাসানুর রহমান, আব্দুস ছালাম, সুপার মাওলানা মহসীনুল ইসলাম, মাওলানা আজাদুল ইসলাম, মাওলানা আবু সাইদসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে প্রথাগত শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অনেক বেশি।
শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নামিয়ে, তাদের বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষকরা কারিগরি শিক্ষাকে আরও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।