শিরোনাম

ঠাকুরগাঁও, ১৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শিবা রাণী (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ শনিবার সকালে রাণীশংকৈল পৌরশহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কোচিং শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথিমধ্যে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ট্রাক্টরচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ট্রাক্টর ও চালককে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।