বাসস
  ১৩ জুন ২০২৬, ১৭:২২

নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল 

ছবি: বাসস

নেত্রকোণা, ১৩ জুন, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো.আনোয়ারুল হক।

প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য দেশ গঠনে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপজেলা প্রশাসন, নেত্রকোণা সদর ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. নুরুজ্জামান নূরু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আফরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও ময়মনসিংহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার প্রদান করেন। কর্মসূচির আওতায় জেলার বিভিন্নস্থানে ব্যাপকহারে বনজ, ফলদ ও ওষুধি বৃক্ষ রোপণ করা হবে।