বাসস
  ১৩ জুন ২০২৬, ১৬:৪৪

দুস্থ মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ 

ছবি : বাসস

বরিশাল, ১৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার আজ দুপুরে উপজেলা অডিটরিয়ামে প্রায় ৫ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

মো. মজিবর রহমান সরওয়ার বলেন, এ অনুষ্ঠানে গরীব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ সহায়তা হয়তো সব সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে এটি তাদের জীবনের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই চেক বিতরণ কর্মসূচি।

তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, এ অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করুন। পরিবারের প্রয়োজন পূরণের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আয়ের পথ তৈরির চেষ্টা করুন। আমরা চাই, আপনারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।