বাসস
  ১৩ জুন ২০২৬, ১৬:০৬

সবুজ নগরী গড়তে এক লাখ গাছ রোপণ করবে মসিক প্রশাসন  

ছবি : বাসস

ময়মনসিংহ, ১৩ জুন, ২০২৬ (বাসস) : দেশের অষ্টম বিভাগীয় শহরকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে এক লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন আজ এ কর্মসূচি উদ্বোধন করেছেন। এটি ভবন ও দূষণের নগরীতে জলবায়ু পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

আজ দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দস্থ তিতাস কার্যালয় সংলগ্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

মসিক প্রশাসক বলেন, আমরা এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের নতুন নতুন খাল সৃষ্টি হচ্ছে। 

এসব খাল রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। দেশের প্রধানমন্ত্রী বলেছেন নগরীতে পর্যাপ্ত বৃক্ষ না থাকার কারণে এবং উচ্চ ভবন থাকার কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এ কারণে বেড়েছে রৌদ্রের তাপ, কমে গেছে বৃষ্টির মাত্রা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় আমরা এক লাখ বৃক্ষ রোপণ করবো। এগুলো নগরীর খালি জায়গা এবং খাল সংলগ্ন এলাকায় রোপণ হবে ।

তিনি আরো বলেন, শুধু বৃক্ষরোপণ করেই আমরা ক্ষান্ত থাকবো না। এগুলোর রক্ষণাবেক্ষণেও আমাদের কর্মী বাহিনী প্রতিনিয়ত সরব থাকবে। আমাদের প্রত্যাশা, এক লাখ বৃক্ষ রোপণ করা হলে কমপক্ষে ৮০ হাজার বৃক্ষ বেড়ে উঠবে সবুজ প্রকৃতি নিয়ে।  

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মসিকের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজীব উল আহসান, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলাম, বর্জ্য কর্মকর্তা মোহাব্বত প্রমুখ।