শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১২ জুন ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় আজ কানসাট আমবাজার এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কানসাট গোপালনগর মোড় এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি আমবাজার এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনাও অপসারণ করা হয়। এ সময় নিয়ম লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, জনস্বার্থ ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
অভিযানকালে শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।