বাসস
  ১২ জুন ২০২৬, ১৯:০২

রংপুরে বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু  

প্রতীকী ছবি

রংপুর, ১২ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় রহমত উল্যাহ (৩৫)  ও আব্দুর রশিদ (৪৮) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা এলাকায় এবং বিকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকায় এ দু’টি ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রহমত উল্যাহ সহ বেশ কয়েকজন মাঠে কাজ করছিলেন। এসময় তুমুল বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণের মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। তার সঙ্গে থাকা অপর কৃষক খোরশেদ আলম আহত হন। একই সময়ে ঘটনাস্থলে বজ্রপাতে ৬টি ছাগলও মারা যায়। পরে এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, শুক্রবার বিকেলে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকায় আব্দুর রশিদ নামের একব্যক্তি মাঠে কাজ করছিলেন। একপর্যায়ে হালকা ঝড়-বৃষ্টির বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।