শিরোনাম

সাতক্ষীরা, ১২ জুন ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন, নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী সরদার, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ।
খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন ও প্রকল্প মূল্যায়নে বিচারকের দায়িত্বে ছিলেন সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী ইয়াকুব আলী, সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিত্যানন্দ কুমার, আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাস এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. আফজাল করিম।
উপজেলা পর্যায়ের এই বিজ্ঞান প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮টি স্টল স্থান পায়। মেলা প্রাঙ্গনে ছিল শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টলগুলোতে খুদে বিজ্ঞানীরা তাদের চমৎকার সব উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি প্রদর্শন করেন ।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর জানান, আগামী ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর জেলা থেকে বিজয়ী দল জাতীয় পর্যায়ে অংশ নিবে।