শিরোনাম

দিনাজপুর, ১২ জুন, ২০২৬ (বাসস): জেলার বিরামপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীসহ ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন।
জেলার বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম আজ বিকাল ৪টায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিরামপুর উপজেলার একাধিক স্থানে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানে ওই উপজেলার উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে মোছা.ফরিদা খাতুন (৪৬), মোছা. মালেকা বানু (৪৪) এবং মোছা. শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ফরিদা খাতুনের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মালেকা বানুর নিকট থেকে ১২ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ এবং শিরিনা আক্তারের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
অপর এক অভিযানে বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের তৌফিক হোসেন (২৫) ও তুহিন ইসলাম (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে মাদকসহ পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ৫ জনকে আজ বিকাল সাড়ে ৩টায় জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিলা খাতুনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিলা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গ্রেপ্তার ৫ জনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেন।
সূত্র জানায়,দণ্ডিত ৫ জনকে আজ শুক্রবার সন্ধার মধ্যে পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে মাদক বিক্রি ও সেবনের বিষয়ে জনসাধারনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।