শিরোনাম

পটুয়াখালী, ১২ জুন ২০২৬ (বাসস): জেলার কলাপাড়া উপজেলায় আজ কুয়াকাটা সমুদ্র সৈকতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামের একব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে সৈকতের লেম্বুরবন এলাকায় অভিযানকালে কুয়াকাটা পৌরসভার প্রশাসক এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে স্কেভেটর মেশিন ব্যবহার করে কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে ট্রাকে করে ওই বালু বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছিল। সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলনের ছবি ও ভিডিও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত মহিবুল্লাহকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।