শিরোনাম

রাজবাড়ী, ১২ জুন, ২০২৬, (বাসস): মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম।
আজ শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনের স্বপ্নকে নতুন মাত্রা দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, রাজবাড়ী জেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আয়োজিত এই শোকেসিং প্রোগ্রামে সদর উপজেলার মোট ২১টি স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করে।
মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সেচ ব্যবস্থা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, রোবোটিক্স, ডিজিটাল সেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান।
প্রতিটি স্টল ঘুরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও গবেষণামূলক কাজের প্রশংসা করেন।