শিরোনাম

চট্টগ্রাম, ১১ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাইকৃত লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি গানবোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, চারটি ব্যাটারি, নগদ ২ হাজার ২২৫ টাকা এবং তিনটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এ সময় চোরাই কাজে ব্যবহৃত বোটসহ দুইজনকে আটক করা হয়।
অন্যদিকে, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি বিশেষ অভিযান চালায়। অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত ৭০০ লিটার ডিজেল ও দুই টন স্ক্র্যাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান ও চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।