বাসস
  ১১ জুন ২০২৬, ২০:২৮

রাঙামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ আটক

রাঙামাটি, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলার বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন পাকুয্যাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব সেগুন কাঠ আটক করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১০৩.৩৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। আটককৃত কাঠের সিজার মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার।

এ বিষয়ে মারিশ্যা জোন ২৭ বিজিবি জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বাসস’কে বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আজ বিজিবি অভিযান চালিয়ে এ অবৈধ কাঠ আটক করে।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।