শিরোনাম

সাতক্ষীরা, ১১ জুন, ২০২৬, (বাসস): সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ২৮ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান ও আমবাগান নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অপরদিকে, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ২৮ হাজার ৬০০ টাকা।
তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা এসময় পালিয়ে গেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।