শিরোনাম

গাইবান্ধা, ১১ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়িরঘর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটো রিকশার চালক নিহত হয়েছেন। অটোর এক যাত্রী আহত হয়েছেন। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোটি পলাশবাড়ী উপজেলার মাথারহাট থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে যাচ্ছিল। বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস অটোর পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোচালক ঘটনাস্থলেই মাটিতে পড়ে মারা যান । অটোর এক যাত্রী শাপলা বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.বদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।