শিরোনাম

নেত্রকোণা, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে দুই পিস টিন, চারটি সিমেন্টের খুঁটি ও পাঁচ পিস ফ্লোরম্যাট দেয়া হয়। এর আগে একই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুইটি করে ছাগল প্রদান করা হয়েছিল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুল কবীর, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মাঠকর্মী অচিন্ত হাজং, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান।
সুফলভোগীরা জানান, ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী পাওয়ায় তাদের আয় বৃদ্ধি ও বসবাসের পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার জানান, সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। ধারাবাহিক সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।