বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:১৪

বাগেরহাটে অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : বাসস

বাগেরহাট, ১১ জুন ২০২৬ (বাসস): অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের লক্ষ্যে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ  সকাল ১১ টায় বাগেরহাট বনবিভাগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ও মহড়ায় বাগেরহাট ফায়ার স্টেশনের ৭ জন সদস্য প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বাগেরহাট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ কৌশল, বিভিন্ন ধরনের উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে অগ্নি নিয়ন্ত্রণের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রাথমিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি পায়। যা জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় ফায়ার সার্ভিসের জরুরি সেবা হটলাইন নম্বর ১০২ ব্যাপকভাবে প্রচার করা হয় এবং জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে এ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।