বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নরসিংদীতে বেকারিকে জরিমানা

নরসিংদী, ১১ জুন ২০২৬ (বাসস) : জেরার সদর উপজেলার হাজীপুর এলাকায় একটি বেকারি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে নরসিংদী হাজীপুরের রামকৃষ্ণ ভাণ্ডার বেকারি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর লাইসেন্স ছাড়াই অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

বিএসটিআইয়ের পরিদর্শক  রাসেলের প্রসিকিউশনের ভিত্তিতে ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ফ্যাক্টরির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। 

অভিযানে র‌্যাব ও আনসারের একটি যৌথ দল সার্বিক সহযোগিতা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।