বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:০৬

মাদারীপুরে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

ছবি : বাসস

মাদারীপুর, ১১ জুন, ২০২৬, (বাসস): জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি অবাধ তথ্যপ্রবাহ, জবাবদিহিতা এবং গঠনমূলক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। 

মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের সামনে উঠে আসে। দুষ্টের দমনে এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম তরবারির মতো ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমার সম্পর্কে কোনো অভিযোগ বা তথ্য শুনলে আগে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি তার যথাযথ জবাব দিতে না পারি, তাহলে আপনারা যা লিখবেন আমি তা সাদরে গ্রহণ করবো। গঠনমূলক সমালোচনা একজন জনপ্রতিনিধি বা প্রশাসককে সঠিক পথে চলতে সহায়তা করে।

সভায় সাংবাদিকদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা পরিষদের প্রশাসক। তিনি জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউল আহসান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সহ-সভাপতি এস আর শফিক স্বপনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভাটি সাংবাদিক ও জেলা পরিষদ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।