শিরোনাম

মাদারীপুর, ১১ জুন ২০২৬(বাসস): পিকাপ ভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ ইজিবাইক যাত্রী।
আজ বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইজিবাইক চালক শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল ইজিবাইকটি। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি পিকাপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত ৩ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকাপটিকে আটক করা হয়েছে ।