বাসস
  ১১ জুন ২০২৬, ১৬:৫৩

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান,১১ জুন ২০২৬, (বাসস):বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ইউটিলিটি (সার্ভিস) ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ভোলা জেলার হাজরত আলীর ছেলে মো. শাকিব (২৩) এবং একই জেলার চরফ্যাশন এলাকার কামরুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শী একজন জানান, নির্মাণাধীন সার্ভিস ভবনে চারজন শ্রমিক দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। এর মধ্যে তৃতীয় তলায় কর্মরত দুই শ্রমিকের ব্যবহৃত একটি স্টিলের অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। পরে অসাবধানতাবশত অ্যাঙ্গেলটি সরাতে গেলে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশে থাকা শ্রমিক কামরুল হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে বান্দরবান সদর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করছি।পরিদর্শন শেষে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।’

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, আহত দুইজন শারীরিকভাবে সুস্থ আছেন। 

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের সদস্যরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।