বাসস
  ১১ জুন ২০২৬, ১৫:২৫

কাপ্তাইয়ে স্বাস্থ্য বিষয়ক অ্য্যাডভোকেসি সভা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আজ স্বাস্থ্য বিষয়ক অ্য্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙামাটি, ১১ জুন, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলায় আজ স্বাস্থ্য বিষয়ক অ্য্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, স্বাস্থ্য সেবা জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই পাহাড়ের দুর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি যে সমস্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে তাদেরকে জনগণের স্বাস্থ্যসেবা বিষয়ে প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। তবেই জনগণ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হবেন না।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা প্রমুখ।

সভার আগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিক, কারবারি, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।