শিরোনাম

চুয়াডাঙ্গা, ১০ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ খাদ্যপণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর টেক্সটাইল রঙ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ‘অভি ফুড প্রোডাক্টস’ নামের এক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ওই বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘অভি ফুড প্রোডাক্টস’ নামের বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, খাদ্য প্রস্তুতের কাজে অনুমোদিত উপকরণের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও কাপড়ে রঙ দেয়ার কাজে ব্যবহৃত টেক্সটাইল কালার ব্যবহার করা হচ্ছে। পরে কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ‘অভি ফুড প্রোডাক্টস’ -এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।