শিরোনাম

সাতক্ষীরা, ১০ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ২৩ হাজার পাঁচশ’ টাকা।
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, গাজীপুর, ঘোনা, কাঁকডাঙ্গা, হিজলদী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শাখরা আশার মোড় নামক স্থান হতে ও গাজীপুর বিওপির আভিযানিক দল একই উপজেলার নিমতলা হতে চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে।
এছাড়া, ঘোনা বিওপির আভিযানিক দল সাতক্ষীরার সদর উপজেলার মোবারকের মোড় নামক স্থান হতে, হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল একই উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিওপির আভিযানিক দল হরিণার মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে, কাঁকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ২৩ হাজার পাঁচশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।