শিরোনাম

মাদারীপুর, ১০ জুন, ২০২৬ (বাসস) : জেলায় ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের যুগ্ম সচিব (অর্থ ও বাজেট) ড. এ.টি.এম মাহাবুব-উল করিম।
প্রধান অতিথি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশগামী কর্মী ও প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড নানা ধরনের সেবা ও সহায়তা প্রদান করছে। পাশাপাশি রেইজ প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করা হচ্ছে।
সভাপতি জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।