শিরোনাম

ভোলা, ১০ জুন, ২০২৬ (বাসস) : জেলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ভোলা সদর উপজেলার পূর্ব রহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতাধীন স্থানীয় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কার্যক্রম বাস্তবায়ন করে।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত গুরুত্ব এবং নিরাপদ খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।