শিরোনাম

ভোলা, ১০ জুন, ২০২৬, (বাসস): ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বাসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করা এবং তাদের পড়াশোনার পরিবেশ উন্নত করাই আমাদের লক্ষ্য। এ বাসটি শিক্ষার্থীদের সময় সাশ্রয় করবে এবং তাদের একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।
তিনি বলেন, সরকারি সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা শিক্ষার্থীদেরই দায়িত্ব।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল জানান, বাসের সংকটের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে অনেক কষ্ট হতো। নতুন এ বাসটির কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা অনেকাংশে কেটে যাবে। তিনি শিক্ষার্থীদের নিয়ম মেনে এবং সতর্কতার সাথে বাস ব্যবহারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ প্রশাসনের শিক্ষকগণ, শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদল, ছাত্র অধিকার ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।