শিরোনাম

নেত্রকোণা, ১০ জুন, ২০২৬, (বাসস): জেলায় ‘বাংলাদেশে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা বিষয়ক আঞ্চলিক সংলাপ: এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ’ শীর্ষক এক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এবং রোজা লাক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়া-এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে কৃষি প্রতিবেশ বা এগ্রোইকোলজি চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বারী প্রধান অতিথি হিসেবে সংলাপটির উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের ভৌগোলিক চ্যালেঞ্জ ভিন্ন। হাওর, নদী ও বনসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এতে স্বাগত বক্তব্য দেন, বারসিকের পরিচালক সিলভানুস লামিন। বারসিকের পলিসি এন্ড রিসার্স অফিসার আম্রিণ বিনতে আজাদ কৃষি প্রতিবেশ সংকট ও সম্ভাবনা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় হাওর, পাহাড় ও সমতল অঞ্চলের কৃষি প্রতিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সংলাপে গ্রিন কোয়ালিশনের নেত্রকোণা জেলা সহ-সভাপতি সাংবাদিক আলপনা বেগম হাওর এলাকায় পানি-নির্ভর ধানের চেয়ে রবিশস্য ও মাছের চাষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশ রক্ষায় ফসল রক্ষা বাঁধের নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
কৃষক গবেষক গোলাম মোস্তাফা কৃষিতে বিষ ও কীটনাশকের ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন ও কৃষি নীতিতে তাদের জন্য পৃথক বরাদ্দের দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গ্রিন কোয়ালিশন কমিটির মির্জা হৃদয় সাগর, রিফাত আহমেদ রাসেল, সাংবাদিক মো. তানভীর হায়াত খান, নেত্রকোণা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান প্রমুখ।
সমাপনী বক্তব্যে মো. অহিদুর রহমান বলেন, উন্নয়নের নামে পরিবেশ ও প্রাণ প্রতিবেশ ধ্বংস করা হলে তা কৃষি প্রতিবেশকে সংকটের মুখে ফেলে। জীববৈচিত্র্য রক্ষা এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে হাওর ও পাহাড়কে তার আপন মহিমায় টিকিয়ে রাখতে হবে।